ওয়্যারেবল প্রযুক্তির বাজারে নতুন আলোচনার নাম এখন ‘স্মার্ট রিং’। একসময় স্বাস্থ্য পর্যবেক্ষণ ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য স্মার্টওয়াচ ছিল সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এখন ছোট আকারের স্মার্ট রিং ব্যবহারকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। দেখতে সাধারণ আংটির মতো হলেও এই ছোট ডিভাইসের ভেতরে রয়েছে উন্নত সেন্সর, মাইক্রোপ্রসেসর এবং স্মার্ট কানেক্টিভিটি প্রযুক্তি।
আরও পড়ুন-স্টাইল আর স্মার্ট ফিচারে এগিয়ে ২০২৬ সালের সেরা ৪ স্মার্টওয়াচ
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, যারা সবসময় হাতে বড় স্মার্টওয়াচ পরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য স্মার্ট রিং হতে পারে আরও আরামদায়ক ও কার্যকর সমাধান। ছোট আকার, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধার কারণে বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে এই ডিভাইস।
স্মার্ট রিং মূলত আঙুলে পরার উপযোগী একটি ওয়্যারেবল ডিভাইস। এটি স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবহারকারীর শরীরের বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে। আধুনিক স্মার্ট রিংয়ে সাধারণত হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন বা SpO2 সেন্সর, শরীরের তাপমাত্রা মাপার সেন্সর, অ্যাক্সিলেরোমিটার এবং ঘুম পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, আঙুলে রক্তপ্রবাহ তুলনামূলক বেশি হওয়ায় স্মার্ট রিং অনেক ক্ষেত্রে স্মার্টওয়াচের চেয়েও নির্ভুল তথ্য দিতে সক্ষম হয়। এর মাধ্যমে হৃদস্পন্দনের হার, ঘুমের মান, স্ট্রেসের মাত্রা, দৈনিক হাঁটার সংখ্যা, ক্যালোরি খরচ এবং শরীরের রিকভারি স্কোরের মতো গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। এসব তথ্য স্মার্টফোন অ্যাপের মাধ্যমে গ্রাফ ও রিপোর্ট আকারে দেখা সম্ভব হয়।
শুধু স্বাস্থ্য পর্যবেক্ষণেই সীমাবদ্ধ নয় স্মার্ট রিংয়ের ব্যবহার। অনেক উন্নত মডেলে এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে কনট্যাক্টলেস পেমেন্ট, স্মার্ট ডোর আনলক কিংবা ডিজিটাল পরিচয় যাচাইয়ের মতো কাজ করা যায়। প্রযুক্তিবিদদের ধারণা, ভবিষ্যতের স্মার্ট হোম প্রযুক্তির সঙ্গে স্মার্ট রিংয়ের ব্যবহার আরও বাড়বে।
স্মার্টওয়াচের তুলনায় স্মার্ট রিংয়ের অন্যতম বড় সুবিধা হলো এর ছোট ও হালকা নকশা। দীর্ঘসময় ব্যবহার করলেও অস্বস্তি হয় না এবং ঘুমানোর সময়ও সহজে পরে থাকা যায়। এছাড়া ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক বেশি হওয়ায় চার্জিং ঝামেলাও কম। ফলে যারা সাদামাটা ডিজাইনের মধ্যে আধুনিক প্রযুক্তির সুবিধা চান, তাদের কাছে স্মার্ট রিং দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
বিশ্ববাজারে ইতোমধ্যে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট রিং নিয়ে কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক বছরে ওয়্যারেবল প্রযুক্তির বাজারে স্মার্ট রিং বড় জায়গা দখল করতে পারে এবং এটি স্মার্টওয়াচের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।
সূত্র: jagonews24
আরও পড়ুন-হাতের ঘড়িই ভুল বলছে স্মার্টওয়াচের ৬ তথ্য জানলে চমকে যাবেন
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔








