ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়া বর্তমানে বড় ধরনের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, বাসার ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর কিংবা ব্যাংক হিসাবের মতো গুরুত্বপূর্ণ তথ্য গুগল সার্চে দেখা যেতে পারে। এ ধরনের তথ্য অপব্যবহার করে সাইবার অপরাধীরা প্রতারণা, পরিচয় চুরি কিংবা আর্থিক জালিয়াতির চেষ্টা করতে পারে। তাই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগল বিশেষ তথ্য অপসারণ সুবিধা চালু করেছে।
আরও পড়ুন-ভুয়া ফোনকল শনাক্তে অ্যান্ড্রয়েডে নতুন নিরাপত্তা ফিচার আনছে গুগল
গুগল সার্চে ব্যক্তিগত তথ্য আছে কি না দেখবেন যেভাবে
ব্যক্তিগত তথ্য অপসারণের আগে প্রথমে নিশ্চিত হতে হবে, গুগল সার্চে আপনার তথ্য প্রদর্শিত হচ্ছে কি না। এ জন্য গুগলের ‘Results About You’ সেবায় গিয়ে নিজের গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ফোন নম্বর, ই-মেইল ঠিকানা বা বাসার ঠিকানার মতো তথ্য যুক্ত করে গুগলকে পর্যবেক্ষণের অনুমতি দিতে হবে।
ব্যবহারকারীরা ই-মেইল বা পুশ নোটিফিকেশনের মাধ্যমে সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থা চালু করতে পারবেন। এরপর গুগল বিভিন্ন ওয়েবসাইট স্ক্যান করে একটি প্রতিবেদন তৈরি করবে, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য কোথায় প্রকাশিত হয়েছে তা দেখানো হবে। সাধারণত প্রথমবার তথ্য খুঁজে পেতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
তথ্য অপসারণের আবেদন করবেন যেভাবে
গুগল সার্চ ফলাফল থেকে তথ্য সরানোর জন্য প্রথমে সংশ্লিষ্ট সার্চ রেজাল্ট খুঁজে বের করতে হবে। এরপর ফলাফলের পাশে থাকা তিন ডট (⋮) মেনুতে ক্লিক করে ‘Remove Result’ অপশন নির্বাচন করতে হবে।
এরপর গুগল তথ্য অপসারণের কারণ জানতে চাইবে। প্রয়োজনীয় কারণ নির্বাচন করে আবেদন জমা দিলে গুগল বিষয়টি পর্যালোচনা করবে। আবেদন গ্রহণ করা হলে ব্যবহারকারীকে ই-মেইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
যেসব তথ্য সরানোর আবেদন করা যায়
গুগল বিভিন্ন ধরনের সংবেদনশীল তথ্য অপসারণের সুযোগ দেয়। এর মধ্যে রয়েছে—
- জাতীয় পরিচয়পত্র বা সরকারি পরিচয়পত্র নম্বর।
- ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের তথ্য।
- লগইন তথ্য ও পাসওয়ার্ড।
- ব্যক্তিগত স্বাক্ষর।
- চিকিৎসা–সংক্রান্ত নথি।
- অনুমতি ছাড়া প্রকাশিত ব্যক্তিগত ছবি।
- ডিপফেক ছবি বা ভিডিও।
- পরিচয়ের সঙ্গে যুক্ত সংবেদনশীল তথ্য।
এ ধরনের তথ্য অপসারণের জন্য গুগলের ‘Personal Content Removal’ সেবার মাধ্যমে আবেদন করতে হয়।
শুধু গুগল থেকে নয়, ওয়েবসাইট থেকেও তথ্য সরাতে হবে
গুগল সার্চ থেকে কোনো তথ্য মুছে গেলেও মূল ওয়েবসাইটে সেটি থেকে যেতে পারে। তাই প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মালিক বা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে তথ্য অপসারণের অনুরোধ জানানো উচিত।
ওয়েবসাইট থেকে তথ্য সরানোর পরও যদি গুগলে পুরোনো তথ্য দেখা যায়, তাহলে গুগলের ‘Remove Outdated Content’ টুল ব্যবহার করে ক্যাশে থাকা তথ্য অপসারণের আবেদন করা যাবে।
আবেদন করার পর কী হবে
আবেদন জমা দেওয়ার পর গুগল প্রথমে একটি ভেরিফিকেশন ই-মেইল পাঠাবে। এরপর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজন হলে অতিরিক্ত তথ্য চাইতে পারে। সবশেষে আবেদন অনুমোদিত হয়েছে কি না, সে বিষয়ে ব্যবহারকারীকে জানানো হবে।
তবে গুগল জানিয়েছে, সব আবেদন গ্রহণ করা হয় না। ব্যবহারকারীর গোপনীয়তা, জনস্বার্থ এবং তথ্যের গুরুত্ব বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত গুগল সার্চে নিজের তথ্য খুঁজে দেখা এবং প্রয়োজন হলে দ্রুত অপসারণের আবেদন করা নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সুত্রঃ প্রথম আলো
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









