বাংলাদেশের বাজারে নতুন দুটি তারবিহীন হেডফোন এনেছে জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি। মডেল দুটি হলো WH-CH530 ও WH-CH730N। এর মধ্যে এক চার্জে সর্বোচ্চ ৫৫ ঘণ্টা ব্যবহারের সুবিধা রয়েছে প্রথম মডেলে। অন্যদিকে দ্বিতীয় মডেলে থাকছে নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। হেডফোন দুটি বিশেষ ছাড় অথবা কিস্তিতে কেনার সুযোগও দিচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।
আরও পড়ুন- দেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস, থাকছে যেসব পণ্য
বাংলাদেশের বাজারে নতুন দুটি তারবিহীন হেডফোন উন্মোচন করেছে জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি। WH-CH530 ও WH-CH730N মডেলের হেডফোন দুটি আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিক্রয়কেন্দ্রে যৌথভাবে উন্মোচন করে সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ার। হেডফোন দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭ হাজার ৯৯৯ ও ১৮ হাজার ৯৯৯ টাকা।
উন্মোচন অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জশোয়া কোয়েক বলেন, বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের হেডফোন উন্মোচন করতে পেরে তাঁরা গর্বিত। তাঁর ভাষ্য অনুযায়ী, WH-CH530 মূলত এন্ট্রি লেভেলের হেডফোন। তরুণ ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হলেও সব বয়সী ব্যবহারকারীই এটি ব্যবহার করতে পারবেন।
এক চার্জে ৫৫ ঘণ্টা চলবে WH-CH530
সনির WH-CH530 মডেলের হেডফোনটি মূলত দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি। হালকা গড়নের এই অন-ইয়ার হেডফোনের ওজন প্রায় ১৫০ গ্রাম। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ৫৫ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
ফোনে কথা বলার সময় পরিষ্কার শব্দ নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর শব্দনিয়ন্ত্রণ প্রযুক্তি। পাশাপাশি ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধার মাধ্যমে একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকা যাবে।
ছয়টি রঙে পাওয়া যাবে WH-CH530 মডেলের হেডফোনটি। এর দাম ৭ হাজার ৯৯৯ টাকা।
নয়েজ ক্যানসেলেশন থাকছে WH-CH730N-এ
অন্যদিকে, WH-CH730N মডেলের হেডফোনে রয়েছে সনির ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি। এটি আশপাশের অবাঞ্ছিত শব্দ কমাতে সহায়তা করে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশেও গান শোনা বা অডিও উপভোগের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।
সনির তথ্য অনুযায়ী, নয়েজ ক্যানসেলেশন চালু থাকা অবস্থায় একবার চার্জে সর্বোচ্চ ৫০ ঘণ্টা ব্যবহার করা যাবে হেডফোনটি। দ্রুত চার্জের সুবিধাও রয়েছে এতে। মাত্র তিন মিনিট চার্জ দিলে সর্বোচ্চ এক ঘণ্টা ব্যবহার করা সম্ভব হবে।
পাঁচটি রঙে বাজারে আসা WH-CH730N মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা।
কিস্তিতে কেনার সুযোগ, থাকছে ছাড়ও
গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব বিক্রয়কেন্দ্র থেকে হেডফোন দুটি বিশেষ ছাড় অথবা কিস্তিতে কেনা যাবে। WH-CH530 মডেলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাসের কিস্তি সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, WH-CH730N মডেলে থাকছে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাসের কিস্তির সুযোগ।
হেডফোন দুটি কেনার সঙ্গে ১২ মাসের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে। ফলে ক্রেতারা নিজস্ব বাজেট ও প্রয়োজন অনুযায়ী দুটি মডেলের মধ্যে পছন্দ করতে পারবেন।
সূত্র: প্রথম আলো







