আধুনিক প্রযুক্তি, নান্দনিক ডিজাইন ও ব্যবহারবান্ধব সুবিধার প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের বাজারে আসছে নতুন ইলেকট্রনিক্স ব্র্যান্ড পেগাসাস। ব্র্যান্ডটির পণ্যসম্ভারে থাকছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, স্মার্ট টেলিভিশনসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স।
আরও পড়ুন- বাংলাদেশে শাওমির নতুন ৫ পার্সোনাল কেয়ার ডিভাইস, দাম কত?
বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারে নতুন ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘পেগাসাস ইলেকট্রনিক্স’। আধুনিক প্রযুক্তি, নান্দনিক ডিজাইন ও ব্যবহারিক সুবিধাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স নিয়ে দেশের বাজারে আসার পরিকল্পনা করেছে ব্র্যান্ডটি। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘স্মার্ট জীবনের স্মার্ট পছন্দ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে পেগাসাস। ব্র্যান্ডটির লক্ষ্য, আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য সরবরাহের মাধ্যমে দেশের পরিবারগুলোর দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেগাসাসের পণ্যসম্ভারে বড় আকারের গৃহস্থালি যন্ত্রপাতির মধ্যে থাকছে রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ার কন্ডিশনার। পোশাক পরিষ্কারের জন্য থাকছে আধুনিক ওয়াশিং মেশিন। পাশাপাশি বিনোদনের জন্য গুগল প্রযুক্তিনির্ভর স্মার্ট টেলিভিশন ও কিউএলইডি টেলিভিশন বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
রান্নাঘরের প্রয়োজনীয় কাজ সহজ করতে বিভিন্ন ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সও যুক্ত করা হচ্ছে পণ্যতালিকায়। এর মধ্যে রয়েছে মিক্সার গ্রাইন্ডার, রাইস কুকার, ইলেকট্রিক কেটলি ও ইস্ত্রিসহ দৈনন্দিন ব্যবহারের নানা যন্ত্রপাতি।
প্রতিষ্ঠানটির ভাষ্য, পণ্য পরিকল্পনায় শুধু বাহ্যিক নকশা নয়, প্রযুক্তিগত সক্ষমতা, দীর্ঘস্থায়িত্ব ও বিদ্যুৎ সাশ্রয়ী কার্যকারিতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, কুলিং সিস্টেম এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তির মতো বিষয়গুলোকে পণ্যের নকশা ও বৈশিষ্ট্যে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পেগাসাস জানিয়েছে, পণ্য বিক্রির পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করাও তাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে দক্ষ সার্ভিস টিম গঠন, প্রয়োজনীয় যন্ত্রাংশের সহজলভ্যতা, দ্রুত গ্রাহক অভিযোগ নিষ্পত্তি এবং শক্তিশালী সার্ভিস নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ব্র্যান্ডটির মতে, দীর্ঘমেয়াদি গ্রাহক আস্থা তৈরিতে পণ্যের মানের পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব রয়েছে। তাই আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি গ্রাহকের বাস্তব অভিজ্ঞতা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি।
পেগাসাস ইলেকট্রনিক্স খুব শিগগিরই বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে পণ্যগুলোর নির্দিষ্ট দাম, বাজারজাতকরণের তারিখ, বিক্রয়কেন্দ্র এবং ওয়ারেন্টি সুবিধা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: যুগান্তর নিউজ








