ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা আরও সহজ করতে জেমিনির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা চালু করছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্টের খরচ বিশ্লেষণ, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন শনাক্ত এবং নির্দিষ্ট সময়ের বাজেট তৈরিতে এআইয়ের সহায়তা নিতে পারবেন। তবে জেমিনি ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো অর্থ স্থানান্তর, পরিচালনা বা বিনিয়োগ করতে পারবে না।
আরও পড়ুন-৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন করবেন যেভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটকে আরও কার্যকর করে তুলতে এবার ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা আনছে গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে জেমিনি ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, খরচের হিসাব এবং বাজেট তৈরিতে সহায়তা নিতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে জেমিনির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। ওয়েব ও মোবাইল—দুই প্ল্যাটফর্মেই পর্যায়ক্রমে এ সুবিধা চালু হচ্ছে।
ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যবহারকারীরা নিজেদের আর্থিক লেনদেন ও খরচ সম্পর্কে জেমিনিকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। এর মাধ্যমে কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, নিয়মিত কোন কোন সাবস্ক্রিপশনের জন্য অর্থ কাটা হচ্ছে কিংবা কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে—এসব বিষয়ে ধারণা পাওয়া যাবে।
খরচ ও সাবস্ক্রিপশন বিশ্লেষণ করবে জেমিনি
গুগলের দেখানো উদাহরণ অনুযায়ী, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বেড়ে গেলে জেমিনি তা শনাক্ত করতে পারবে। ফলে ব্যবহারকারীরা নিয়মিত খরচের পরিবর্তন সম্পর্কে জানতে পারবেন। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বা অতিরিক্ত ব্যয় চিহ্নিত করে অর্থ সাশ্রয়ের পরিকল্পনা করতেও এটি সহায়তা করতে পারে।
শুধু খরচের হিসাব দেখানো নয়, নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরির অনুরোধও করা যাবে জেমিনিকে। ব্যবহারকারীর আর্থিক তথ্য বিশ্লেষণ করে ক্যাশ ফ্লো, সম্পদ বণ্টনসহ বিভিন্ন বিষয়ের গতিশীল চার্ট ও বিশ্লেষণ দেখানোর সুবিধা থাকবে।
এ ছাড়া ছুটির দিনের ভ্রমণ বা কেনাকাটার জন্য বাজেট তৈরিতেও সহায়তা করতে পারবে এআই চ্যাটবটটি। ফলে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় সাধারণ ব্যাংকিং অ্যাপের বাইরে অতিরিক্ত বিশ্লেষণ পাওয়ার সুযোগ তৈরি হবে।
অর্থ স্থানান্তর বা বিনিয়োগ করতে পারবে না
ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এআই যুক্ত করার ক্ষেত্রে নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এআই চ্যাটবট কখনো কখনো ভুল তথ্য দিতে পারে। ব্যক্তিগত অর্থের হিসাব বিশ্লেষণের ক্ষেত্রেও এমন ভুল সিদ্ধান্তের ঝুঁকি রয়েছে।
গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় জেমিনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তথ্য পড়তে পারবে। তবে এটি ব্যবহারকারীর হয়ে কোনো অর্থ স্থানান্তর, লেনদেন পরিচালনা কিংবা বিনিয়োগ করতে পারবে না। অর্থাৎ ফিচারটি মূলত আর্থিক তথ্য বিশ্লেষণ ও পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
এ সুবিধা সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার ফিচার চালু বা বন্ধ করতে পারবেন। ফলে যাঁরা ব্যক্তিগত আর্থিক তথ্য এআইয়ের সঙ্গে যুক্ত করতে চান না, তাঁদের জন্য এটি ব্যবহার বাধ্যতামূলক নয়।
প্লেইডের সঙ্গে অংশীদারত্ব গুগলের
ব্যবহারকারীদের আর্থিক তথ্য থেকে আরও বিস্তারিত বিশ্লেষণ দেওয়ার জন্য ফিনটেক প্রতিষ্ঠান প্লেইডের সঙ্গে অংশীদারত্ব করেছে গুগল। তবে এ অংশীদারত্বের প্রযুক্তিগত কার্যপদ্ধতি বা তথ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি।
নতুন এ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় জেমিনির ব্যবহার বাড়াতে চায় গুগল। তবে ফিচারটি ব্যবহারের আগে ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করার শর্ত, গোপনীয়তা নীতি এবং অনুমতির বিষয়গুলো ভালোভাবে যাচাই করা উচিত।
সূত্র: আরটিভি নিউজ






