কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি বা সমমান পাস তরুণ-তরুণীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতার পাশাপাশি খাবারের ব্যবস্থাও থাকবে।
আরও পড়ুন-ঘুমানোর সময় মাথার পাশে ফোন রাখলে কী হয়? জানুন ঝুঁকি ও সতর্কতা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে সারাদেশে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী তরুণ-তরুণীদের আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন নেওয়া হচ্ছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের প্রথমে www.dydaiproject.com/apply ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের পর নতুন করে আবেদন করার সুযোগ থাকবে না।
ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি
যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে ২৯ নভেম্বর। পরীক্ষার স্থান ও সময়সূচি প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে বার্তা পাঠানো হবে। এসএমএসে দেওয়া নির্দেশনা অনুযায়ী পরীক্ষার দিন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। নির্বাচিতদের বিষয়টি এসএমএসের মাধ্যমেও জানানো হবে।
কাদের অগ্রাধিকার দেওয়া হবে
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে মৌলিক জ্ঞান রয়েছে এবং ইংরেজিতে দক্ষ—এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।
প্রশিক্ষণ কত দিন, কী কী সুবিধা থাকছে
নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬। এটি চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে।
এআই ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এটি একটি প্রশিক্ষণের সুযোগ। আবেদন করার আগে যোগ্যতা, পরীক্ষার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: জাগো নিউজ২৪






