স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের চার্জিং ক্যাবল দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো সংযোগস্থলে অতিরিক্ত চাপ ও বারবার বাঁকানো। বিশেষজ্ঞদের মতে, ক্যাবল গোল করে গুছিয়ে রাখলেই তা নষ্ট হয় না। বরং ব্যবহারের সময় কিছু অভ্যাস পরিবর্তন করলে ক্যাবলের স্থায়িত্ব বাড়ানো সম্ভব।
আরও পড়ুন- গ্যান নাকি সাধারণ চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি কেনা ভালো?
স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ ব্যবহারের জন্য চার্জিং ক্যাবল অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। প্রতিদিন ব্যবহার করা হলেও অনেকেই এর যত্ন নেওয়ার বিষয়টি গুরুত্ব দেন না। ফলে কিছুদিনের মধ্যেই ক্যাবলে সমস্যা দেখা দেয়। কখনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার কখনো ঠিকমতো চার্জ হতে চায় না। তখন নতুন ক্যাবল কেনা ছাড়া উপায় থাকে না।
অনেকের ধারণা, চার্জিং ক্যাবল গোল করে পেঁচিয়ে রাখলে দ্রুত নষ্ট হয়ে যায়। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ক্যাবল নষ্ট হওয়ার পেছনে এর চেয়ে বড় কারণ রয়েছে। বিশেষ করে তার ও প্লাগের সংযোগস্থলে অতিরিক্ত চাপ পড়া এবং একই জায়গায় বারবার বাঁকানোর কারণে ক্যাবলের ভেতরের তার ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা মাইকেল পেচট দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রযুক্তিপণ্যের স্থায়িত্ব নিয়ে গবেষণা করছেন। তাঁর মতে, ক্যাবল গোল করে পেঁচিয়ে রাখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ভুলভাবে পেঁচিয়ে রাখার কারণে ক্যাবল নষ্ট হওয়ার প্রমাণ তাঁরা পাননি। তবে ব্যবহারের সময় কিছু অভ্যাস ক্যাবলের আয়ু কমিয়ে দিতে পারে।
সংযোগস্থলে অতিরিক্ত চাপ দেবেন না
চার্জিং ক্যাবল নষ্ট হওয়ার অন্যতম সাধারণ কারণ হলো তার ও প্লাগের সংযোগস্থলে অতিরিক্ত চাপ পড়া। আইফিক্সিটের সহপ্রতিষ্ঠাতা কাইল উইয়েন্সের মতে, অধিকাংশ ক্ষেত্রে ক্যাবল নষ্ট হয় এই সংযোগস্থলেই।
ক্যাবলের ভেতরে ইনসুলেশন দিয়ে মোড়ানো ছোট ছোট ধাতব তার থাকে। প্লাগের কাছের অংশে বারবার বাঁক পড়লে ভেতরের তারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ধীরে ধীরে সংযোগ দুর্বল হয়ে যায় এবং একপর্যায়ে ক্যাবল কাজ করা বন্ধ করে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রবার্ট হায়ার্স জানান, একই জায়গায় বারবার বাঁক পড়লে ধাতুর ভেতরে ক্ষুদ্র পরিবর্তন ঘটে। এতে ধাতু ধীরে ধীরে শক্ত ও ভঙ্গুর হয়ে একপর্যায়ে ভেঙে যেতে পারে। ক্যাবলের ভেতরের তারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।
যেসব অভ্যাস এড়িয়ে চলবেন
চার্জিং ক্যাবল দীর্ঘদিন ভালো রাখতে দৈনন্দিন ব্যবহারে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
প্রথমত, ক্যাবল ধরে টান দিয়ে চার্জারের প্লাগ খুলবেন না। এতে সংযোগস্থলে অতিরিক্ত চাপ পড়ে। বরং ক্যাবলের পরিবর্তে প্লাগের শক্ত অংশ ধরে সকেট বা ডিভাইস থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন।
দ্বিতীয়ত, সকেট দূরে থাকলে ক্যাবল টানটান করে ব্যবহার করবেন না। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত দৈর্ঘ্যের ক্যাবল ব্যবহার করুন। অতিরিক্ত টান পড়লে ভেতরের তার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
তৃতীয়ত, বিছানায় শুয়ে ফোন চার্জ দেওয়ার সময় ক্যাবল বেশি বাঁকিয়ে রাখবেন না। বিশেষ করে ফোনের পাশে ক্যাবলের সংযোগস্থলে চাপ পড়ছে কি না, সেদিকে খেয়াল রাখুন।
চতুর্থত, গাড়িতে ফোন চার্জ দেওয়ার সময় ফোনের ওজন যেন ক্যাবলের সংযোগস্থলে চাপ সৃষ্টি না করে, তা নিশ্চিত করুন। ফোন এমন জায়গায় রাখুন, যেখানে ক্যাবল স্বাভাবিক অবস্থায় থাকতে পারে।
ব্রেইডেড ক্যাবল ব্যবহার করা কি ভালো?
ক্যাবলের স্থায়িত্ব বাড়াতে ভালো মানের পণ্য বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, খুব সস্তা ও নিম্নমানের ক্যাবল কেনা থেকে বিরত থাকা উচিত। তুলনামূলক ভালো মানের ক্যাবল দীর্ঘদিন ব্যবহার করা যায়।
এ ক্ষেত্রে ব্রেইডেড ক্যাবল একটি ভালো বিকল্প হতে পারে। সাধারণ ক্যাবলের বাইরের আবরণ অনেক সময় প্লাস্টিকের তৈরি হলেও ব্রেইডেড ক্যাবলে শক্ত বোনা নাইলন বা কাপড়ের আবরণ ব্যবহার করা হয়। এ ধরনের আবরণ ভেতরের তারকে তুলনামূলক ভালো সুরক্ষা দিতে পারে।
আইফিক্সিটের সহপ্রতিষ্ঠাতা কাইল উইয়েন্স জানান, অ্যাপলও তাদের সাম্প্রতিক কিছু মডেলের সঙ্গে ব্রেইডেড ক্যাবল ব্যবহার করছে। কারণ এ ধরনের ক্যাবলের বাইরের আবরণ বেশি শক্তিশালী এবং সুরক্ষাও ভালো দেয়।
ক্যাবল গুছিয়ে রাখার সঠিক নিয়ম
ব্যবহার শেষে ক্যাবল গুছিয়ে রাখা প্রয়োজন হলেও খুব শক্ত করে পেঁচিয়ে রাখা উচিত নয়। স্বাভাবিকভাবে গোল করে গুছিয়ে রাখলে সাধারণত সমস্যা হয় না। তবে ভাঁজ করার সময় একই জায়গায় অতিরিক্ত চাপ দেওয়া কিংবা প্লাগের কাছের অংশ শক্ত করে বাঁকানো এড়িয়ে চলতে হবে।
ক্যাবল সংরক্ষণের সময় এমনভাবে রাখুন, যাতে এর ওপর ভারী কোনো বস্তু না পড়ে। ব্যবহারের সময়ও ক্যাবলকে স্বাভাবিক অবস্থায় রাখার চেষ্টা করুন।
চার্জিং ক্যাবলের যত্ন নেওয়া শুধু বারবার নতুন ক্যাবল কেনার খরচ কমায় না, ইলেকট্রনিক বর্জ্য কমাতেও ভূমিকা রাখে। তাই ক্যাবল ব্যবহারের সময় সামান্য সচেতনতা এবং সঠিক সংরক্ষণপদ্ধতি অনুসরণ করলেই এর স্থায়িত্ব বাড়ানো সম্ভব।
সূত্র: যুগান্তর









