স্মার্টফোন চার্জে রেখেই দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও স্ট্রিমিং বা ভারী অ্যাপ ব্যবহার করলে অনেক সময় ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যায়। এর ফলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির কার্যক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যার সমাধানে বর্তমানে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা বাইপাস চার্জিং (Bypass Charging) প্রযুক্তি ব্যবহার করছে।
আরও পড়ুন-স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান? স্মার্টফোন ভালো রাখার সহজ কৌশল জেনে নিন
প্রযুক্তিটি মূলত চার্জিংয়ের সময় বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। সাধারণভাবে একটি ফোন চার্জে লাগালে চার্জারের বিদ্যুৎ প্রথমে ব্যাটারিতে জমা হয়, এরপর সেই ব্যাটারি থেকেই প্রসেসর ও অন্যান্য হার্ডওয়্যার শক্তি পায়। একই সময়ে ব্যাটারি চার্জ ও ডিসচার্জ হওয়ায় অতিরিক্ত তাপ উৎপন্ন হয় এবং ব্যাটারির ওপর চাপ বাড়ে।
বাইপাস চার্জিং প্রযুক্তি এই প্রচলিত প্রক্রিয়ায় পরিবর্তন আনে। ফোনে এই ফিচার সক্রিয় থাকলে চার্জারের বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ড ও প্রসেসরে পৌঁছে যায়। ফলে চার্জিংয়ের সময় ব্যাটারিকে অতিরিক্ত কাজ করতে হয় না। এতে ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে।
বিশেষ করে দীর্ঘ সময় গেমিংয়ের ক্ষেত্রে এই প্রযুক্তি বেশি কার্যকর। উচ্চ গ্রাফিক্সের গেম চালানোর সময় প্রসেসরের ধারাবাহিক শক্তি প্রয়োজন হয়, যা সাধারণত ফোনকে দ্রুত গরম করে তোলে। কিন্তু বাইপাস চার্জিং সক্রিয় থাকলে ব্যাটারির পরিবর্তে সরাসরি চার্জার থেকে শক্তি সরবরাহ হওয়ায় অতিরিক্ত তাপ তৈরি কম হয়। ফলে গেমিংয়ের সময় পারফরম্যান্স আরও স্থিতিশীল থাকে এবং হ্যাং হওয়ার সম্ভাবনাও কমে।
শুধু গেমিং নয়, ভিডিও এডিটিং, লাইভ স্ট্রিমিং, ভিডিও কল বা একসঙ্গে একাধিক ভারী অ্যাপ ব্যবহারের সময়ও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখে। ব্যাটারির ওপর চাপ কম থাকায় চার্জিংয়ের সময় ফোনের কর্মক্ষমতা ভালো থাকে এবং দীর্ঘদিন ব্যাটারির সক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।
বর্তমানে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড ধীরে ধীরে এই প্রযুক্তি যুক্ত করছে। ইনফিনিক্স বাংলাদেশ জানিয়েছে, তাদের জিটি ৩০ প্রো, নোট ৬০ সিরিজ এবং হট ৭০ মডেলে বাইপাস চার্জিং প্রযুক্তি যুক্ত রয়েছে। ফলে চার্জে রেখেই দীর্ঘ সময় গেমিং বা ভারী কাজ করলেও ডিভাইস তুলনামূলক কম গরম হয় এবং ব্যাটারির স্থায়িত্ব বজায় থাকে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত চার্জে রেখে গেম খেলেন বা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, তাদের জন্য বাইপাস চার্জিং একটি কার্যকর ফিচার। ভবিষ্যতে আরও বেশি স্মার্টফোনে এই প্রযুক্তি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: প্রথম আলো
আরও পড়ুন-মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান? জেনে নিন নিরাপদ ব্যবহারের নিয়ম
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔










