ব্লুটুথ কোর ৭.০-এর ঐচ্ছিক ফিচার হিসেবে নতুন ‘হাই ডেটা থ্রুপুট’ প্রযুক্তি অনুমোদন করেছে ব্লুটুথ এসআইজি। এতে ব্লুটুথ লো এনার্জি (বিএলই) ডিভাইসে ডেটা স্থানান্তরের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিট হতে পারে।
ওয়্যারলেস প্রযুক্তিতে ডেটা আদান-প্রদানের গতি বাড়াতে নতুন প্রযুক্তি যুক্ত করছে ব্লুটুথ। ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি) ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ (এইচডিটি) নামে একটি নতুন ফিচার অনুমোদন করেছে। এর ফলে ব্লুটুথ লো এনার্জি (বিএলই) প্রযুক্তি ব্যবহারকারী ডিভাইসগুলোর মধ্যে তথ্য স্থানান্তরের গতি আগের তুলনায় প্রায় চার গুণ বাড়বে।
আরও পড়ুন- ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখার উপায়
নতুন এই সুবিধা ব্লুটুথ কোর ৭.০-এর ঐচ্ছিক ফিচার হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে বিএলই ডিভাইসে সর্বোচ্চ ডেটা স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বেড়ে ৭ দশমিক ৫ মেগাবিটে পৌঁছাতে পারে। অর্থাৎ আগের তুলনায় প্রায় ৩ দশমিক ৭৫ গুণ বেশি গতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রযুক্তির প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে ওয়্যারলেস অডিও ব্যবস্থায়। উন্নত মানের অডিও, মাল্টি-চ্যানেল সাউন্ড এবং স্পেশাল অডিওর মতো সুবিধা দিতে ডিভাইসগুলোর মধ্যে বেশি পরিমাণ ডেটা আদান-প্রদানের প্রয়োজন হয়। এইচডিটি প্রযুক্তি সেই প্রয়োজন পূরণে বাড়তি সক্ষমতা দিতে পারে।
অডিওর পাশাপাশি দৈনন্দিন স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রেও নতুন প্রযুক্তি কাজে আসতে পারে। স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেট, ফিটনেস ডেটা সিঙ্ক করা এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বড় ফাইল পাঠানোর মতো কাজ আগের চেয়ে দ্রুত সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। এতে ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে অপেক্ষার সময় কমতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশন এবং স্পেশাল কম্পিউটিং ডিভাইসের ক্ষেত্রেও বাড়তি ডেটা স্থানান্তরের সক্ষমতা গুরুত্বপূর্ণ হতে পারে। এসব প্রযুক্তিতে একাধিক ডিভাইসের মধ্যে দ্রুত তথ্য বিনিময়ের প্রয়োজন হয়। ব্লুটুথের নতুন ফিচার সেই সমন্বয় আরও কার্যকর করতে সহায়তা করতে পারে।
এইচডিটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি ব্লুটুথ লো এনার্জি ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি। ফলে কম বিদ্যুৎ খরচের সুবিধা বজায় রেখেই ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর সুযোগ পাওয়া যাবে। স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকারসহ ব্যাটারিনির্ভর ছোট ডিভাইসের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।
নতুন প্রযুক্তি সমর্থনকারী ডিভাইস কবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি। তবে ২০২৭ সালের শুরুর দিকে এ ধরনের ডিভাইস বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) কিংবা তার আগেই প্রযুক্তিটির সমর্থনযুক্ত ডিভাইসের ঘোষণা আসতে পারে।
ব্লুটুথের এই পরিবর্তন ওয়্যারলেস অডিও, স্মার্ট ডিভাইস এবং ভবিষ্যতের এআইনির্ভর প্রযুক্তিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে বাস্তবে ব্যবহারকারীরা কতটা সুবিধা পাবেন, তা নির্ভর করবে ডিভাইস নির্মাতারা কত দ্রুত এইচডিটি প্রযুক্তি সমর্থন যুক্ত করেন এবং নতুন সুবিধাগুলো কীভাবে কাজে লাগান, তার ওপর।
সূত্র: যুগান্তর নিউজ










