২.০৭ ইঞ্চির বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, স্বাস্থ্য পর্যবেক্ষণ ও ১০০টির বেশি স্পোর্টস মোড নিয়ে বাজারে এসেছে ভিভো ওয়াচ জিটি ২। প্রতিষ্ঠানটির দাবি, একবার চার্জে সাধারণ ব্যবহারে ১৪ দিন এবং বিশেষ পাওয়ার সেভিং ব্যবহারে সর্বোচ্চ ২৫ দিন চলবে স্মার্টওয়াচটি।
আরও পড়ুন- ঘরের এই ৫ জায়গায় রাউটার রাখলে কমতে পারে ওয়াই-ফাইয়ের গতি
বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, উন্নত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ নিয়ে বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টওয়াচ ওয়াচ জিটি ২। নতুন এ স্মার্টওয়াচে রয়েছে ২.০৭ ইঞ্চির ২.৫ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১০০টির বেশি স্পোর্টস মোড এবং জিপিএসসহ বিভিন্ন সংযোগ সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, বিশেষ ব্যবহারে একবার চার্জে সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে ঘড়িটি।
ভিভো ওয়াচ জিটি ২-এর ডিসপ্লের রেজল্যুশন ৪৩২×৫১৪ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ২ হাজার ৪০০ নিট। ফলে উজ্জ্বল আলোতেও স্ক্রিনের তথ্য দেখতে সুবিধা হবে। ডিসপ্লের বেজেল মাত্র ১.৮ মিলিমিটার হওয়ায় ঘড়িটির সামনের অংশে বড় পর্দার অনুভূতি পাওয়া যাবে।
স্বাস্থ্য পর্যবেক্ষণ ও ১০০টির বেশি স্পোর্টস মোড
ভিভো ওয়াচ জিটি ২-তে ব্যবহার করা হয়েছে ভিভোর নিজস্ব ব্লুওএস ৩.০ অপারেটিং সিস্টেম। অ্যালুমিনিয়ামের তৈরি স্মার্টওয়াচটিতে রয়েছে হার্ট রেট ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের সেন্সর। পাশাপাশি ১০০টির বেশি স্পোর্টস মোড থাকায় হাঁটা, দৌড়ানোসহ বিভিন্ন ধরনের শরীরচর্চার তথ্য পর্যবেক্ষণ করা যাবে।
স্মার্টওয়াচটিতে রয়েছে ব্লুটুথ ৫.৪, এনএফসি ও জিপিএস সংযোগ সুবিধা। এ ছাড়া গ্লোনাস, গ্যালিলিও এবং বেইডো স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থাও সমর্থন করে এটি। জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য রয়েছে এসওএস অ্যাসিস্ট ফিচার।
পানির সংস্পর্শ থেকে সুরক্ষার জন্য স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ২ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা। ফলে দৈনন্দিন ব্যবহারে পানির সংস্পর্শের ক্ষেত্রে কিছুটা সুরক্ষা পাওয়া যাবে। তবে এটিকে সব ধরনের পানির নিচের কার্যক্রমের জন্য উপযোগী ধরে নেওয়া ঠিক হবে না।
এক চার্জে সর্বোচ্চ ২৫ দিন চলবে
ভিভো ওয়াচ জিটি ২-এর অন্যতম আকর্ষণ এর ব্যাটারি ব্যাকআপ। প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ ব্যবহারে একবার চার্জে সর্বোচ্চ ১৪ দিন চলবে স্মার্টওয়াচটি। অন্যদিকে, অলওয়েজ অন ডিসপ্লে বা সব সময় পর্দা চালু রাখলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে প্রায় ১২ দিন।
বিশেষ পাওয়ার সেভিং ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ দিন পর্যন্ত ব্যাটারি চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বাস্তবে ব্যাটারির স্থায়িত্ব নির্ভর করবে ব্যবহারকারীর সেটিংস, বিভিন্ন ফিচার ব্যবহারের মাত্রা ও সংযোগের ওপর।
দাম ও পাওয়া যাচ্ছে যেসব রঙে
ভারতের বাজারে ভিভো ওয়াচ জিটি ২-এর দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯৯ রুপি। স্মার্টওয়াচটি পাওয়া যাচ্ছে দুটি রঙে—অবসিডিয়ান ব্ল্যাক ও স্টেলার হোয়াইট। ভারতের বাজারে অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভোর নিজস্ব অনলাইন স্টোর এবং বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্র থেকে এটি কেনা যাচ্ছে।
সূত্র: Jago News24
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!







