আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

রাতে ওয়াই-ফাই রাউটার বন্ধ রাখবেন নাকি চালু? জেনে নিন

November 27, 2026 3:32 PM
রাতে শোবার ঘরে চালু থাকা ওয়াই-ফাই রাউটার

রাতে ঘুমানোর আগে ওয়াই-ফাই রাউটার বন্ধ রাখা বাধ্যতামূলক নয়। আধুনিক রাউটার সাধারণত দিন-রাত ২৪ ঘণ্টা চালু রাখার উপযোগী। তবে রাতে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন না থাকলে রাউটার বন্ধ করে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করা যায়। পাশাপাশি নেটওয়ার্কের অনলাইন সংযোগও বন্ধ থাকে। সিদ্ধান্ত নেওয়ার আগে রাউটারের ব্যবহার ও বাড়ির স্মার্ট ডিভাইসের প্রয়োজন বিবেচনা করা জরুরি।

আরও পড়ুন- ঘরের এই ৫ জায়গায় রাউটার রাখলে কমতে পারে ওয়াই-ফাইয়ের গতি

স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারের জন্য বর্তমানে ইন্টারনেট অপরিহার্য। আর বাড়িতে একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই রাউটারের বিকল্প নেই। অনেকেই একবার রাউটার চালু করার পর দিন-রাত ২৪ ঘণ্টাই সেটি চালু রাখেন। রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘরের আলো, ফ্যান ও টিভি বন্ধ করলেও রাউটারের সুইচ বন্ধ করার কথা মনে থাকে না।

কিন্তু রাতে রাউটার চালু রাখা কি নিরাপদ, নাকি ঘুমানোর আগে এটি বন্ধ করে রাখাই ভালো? বিষয়টি নির্ভর করে ইন্টারনেট ব্যবহারের ধরন, রাউটারের মান এবং বাড়িতে থাকা অন্যান্য স্মার্ট ডিভাইসের ওপর। রাতে রাউটার বন্ধ রাখলে কিছু সুবিধা পাওয়া যায়, তবে সব ক্ষেত্রে এটি প্রয়োজনীয় নয়।

১. রাউটারের ওপর চাপ কমাতে পারে

ওয়াই-ফাই রাউটারও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের মতো ব্যবহারের সময় তাপ উৎপন্ন করে। দীর্ঘ সময় চালু থাকলে এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে এর ভেতরের যন্ত্রাংশ গরম হতে পারে।

বিশেষ করে রাউটার যদি বন্ধ জায়গায়, দেয়ালের কাছাকাছি কিংবা অন্য ইলেকট্রনিক ডিভাইসের পাশে রাখা হয়, তাহলে তাপ জমার আশঙ্কা বাড়ে।

রাতে কয়েক ঘণ্টা রাউটার বন্ধ রাখলে সেটি ঠান্ডা হওয়ার সুযোগ পায়। তবে শুধু একটানা চালু থাকার কারণেই রাউটারের আয়ু কমে যায়, এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। ভালো মানের আধুনিক রাউটার সাধারণত দীর্ঘ সময় চালু রাখার উপযোগী করেই তৈরি করা হয়।

২. রাতে রাউটার বন্ধ রাখলে কি ইন্টারনেটের গতি বাড়ে?

অনেকের ধারণা, সারারাত রাউটার চালু থাকলে ইন্টারনেটের গতি কমে যায়। তবে বিষয়টি এমন নয়। দীর্ঘক্ষণ চালু থাকার কারণে রাউটারের ক্যাশ মেমোরিতে অতিরিক্ত তথ্য জমে ইন্টারনেট ধীর হয়ে যায়—এমন দাবিরও যথেষ্ট ভিত্তি নেই।

তবে রাউটার বা নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দিলে একবার বন্ধ করে আবার চালু করলে তা ঠিক হতে পারে। এতে রাউটার নতুন করে সংযোগ স্থাপন করে এবং কিছু প্রযুক্তিগত সমস্যার সমাধান হতে পারে।

তাই প্রয়োজন অনুযায়ী রাউটার রিস্টার্ট করা ভালো অভ্যাস। কিন্তু প্রতিদিন রাতে ছয় থেকে সাত ঘণ্টা রাউটার বন্ধ রাখলেই ইন্টারনেটের গতি বেড়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।

৩. সাইবার নিরাপত্তার ঝুঁকি কিছুটা কমতে পারে

ওয়াই-ফাই রাউটার চালু থাকলে সেটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে। ফলে নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশের চেষ্টার সুযোগও থাকে। দুর্বল পাসওয়ার্ড, পুরোনো ফার্মওয়্যার কিংবা নিরাপত্তার ত্রুটি থাকলে হ্যাকাররা সেই সুযোগ কাজে লাগাতে পারে।

রাতে রাউটার বন্ধ রাখলে ওই সময় বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকে। ফলে ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে প্রবেশের সুযোগ কমে যায়।

তবে শুধু রাতে রাউটার বন্ধ রাখলেই সাইবার হামলার ঝুঁকি পুরোপুরি দূর হবে না। বরং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, ডব্লিউপিএ২ বা ডব্লিউপিএ৩ নিরাপত্তাব্যবস্থা চালু রাখা এবং নিয়মিত রাউটারের ফার্মওয়্যার হালনাগাদ করা বেশি জরুরি।

৪. কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হবে

ওয়াই-ফাই রাউটার আকারে ছোট হলেও এটি বিদ্যুৎ ব্যবহার করে। সাধারণত রাউটারের বিদ্যুৎ খরচ তুলনামূলক কম। তবে প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকলে মাস শেষে কিছুটা বিদ্যুৎ খরচ হয়।

রাতে যদি সাত থেকে আট ঘণ্টা ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন না থাকে, তাহলে ওই সময় রাউটার বন্ধ রাখতে পারেন। এতে সামান্য হলেও বিদ্যুৎ সাশ্রয় হবে। বিশেষ করে একাধিক রাউটার বা নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করলে সাশ্রয়ের পরিমাণ কিছুটা বাড়তে পারে।

৫. বিদ্যুতের ওঠানামা থেকে সুরক্ষায় সতর্ক থাকুন

ঝড়-বৃষ্টি কিংবা বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে অনেক সময় ভোল্টেজের ওঠানামা দেখা যায়। বিদ্যুতের আকস্মিক সার্জের কারণে রাউটারের অ্যাডাপ্টার বা ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাতে রাউটার বন্ধ রাখলে সেটি বিদ্যুতের সরাসরি সংযোগ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। তবে শুধু সুইচ বন্ধ করলেই সব ধরনের বৈদ্যুতিক ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়া যায় না।

বজ্রপাত বা বিদ্যুতের বড় ধরনের সার্জের আশঙ্কা থাকলে নিরাপদ উপায়ে প্লাগ খুলে রাখা এবং ভালো মানের সার্জ প্রটেক্টর ব্যবহার করা উচিত।

তাহলে রাতে ওয়াই-ফাই রাউটার বন্ধ রাখবেন, নাকি চালু?

প্রযুক্তিগতভাবে অধিকাংশ আধুনিক ওয়াই-ফাই রাউটার দিন-রাত ২৪ ঘণ্টা চালু রাখার উপযোগী। তাই রাতে রাউটার বন্ধ না করলেই সেটি নষ্ট হয়ে যাবে, এমন ধারণা ঠিক নয়।

তবে বাড়িতে স্মার্ট ক্যামেরা, সিকিউরিটি অ্যালার্ম, স্মার্ট ডোরবেল কিংবা অন্যান্য স্মার্ট হোম ডিভাইস ব্যবহার করলে সারাক্ষণ ইন্টারনেট সংযোগ প্রয়োজন হতে পারে। এ ধরনের ডিভাইস থাকলে রাতে রাউটার বন্ধ না রাখাই ভালো।

অন্যদিকে, রাতে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন না থাকলে রাউটার বন্ধ করে রাখতে পারেন। এতে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হবে এবং ওই সময় নেটওয়ার্কের অনলাইন সংযোগও বন্ধ থাকবে।

চাইলে রাউটারের টাইমার বা ওয়াই-ফাই শিডিউল অপশন ব্যবহার করে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাই বন্ধ ও চালু করার ব্যবস্থা করতে পারেন। এতে প্রতিদিন হাতে সুইচ বন্ধ করার প্রয়োজন হবে না।

মনে রাখতে হবে, রাউটার ভালো রাখতে শুধু রাতে বন্ধ করাই যথেষ্ট নয়। ডিভাইসটি খোলামেলা জায়গায় রাখুন, বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন, অপ্রয়োজনীয়ভাবে ঢেকে রাখবেন না এবং নিয়মিত ফার্মওয়্যার হালনাগাদ করুন। এতে রাউটারের কার্যক্ষমতা ও নিরাপত্তা বজায় রাখতে সুবিধা হবে।

সূত্র: Jago News24

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now