বিদেশি ভাষা শেখা এখন আরও সহজ হতে যাচ্ছে। জনপ্রিয় অনুবাদ প্ল্যাটফর্ম Google Translate-এ যুক্ত হয়েছে নতুন এক এআইচালিত ফিচার, যা ব্যবহারকারীদের শুধু অনুবাদ নয়, সঠিক উচ্চারণ শেখাতেও সহায়তা করবে।
২০তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন এই আপডেট ঘোষণা করেছে Google। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এমন একটি ফিচারের দাবি জানিয়ে আসছিলেন, যার মাধ্যমে অনুবাদ করা বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণের অনুশীলন করা যাবে। অবশেষে সেই সুবিধাই যুক্ত হলো গুগল ট্রান্সলেটে।
আরও পড়ুন-হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলছে এআই চ্যাটজিপিটির নতুন ট্রেন্ডে চাঞ্চল্য
নতুন এই ফিচার মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে কাজ করবে। ব্যবহারকারী কোনো শব্দ বা বাক্য অনুবাদ করার পর নিচে একটি ‘প্র্যাকটিস’ বাটন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে প্রথমে সঠিক উচ্চারণ শোনানো হবে। এরপর ব্যবহারকারীকে নিজের কণ্ঠে সেই শব্দ বা বাক্য উচ্চারণ করতে হবে।
ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ব্যবহারকারীর কণ্ঠ বিশ্লেষণ করবে গুগলের এআই সিস্টেম। তারপর তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবে উচ্চারণ কতটা সঠিক হয়েছে। শুধু ভুল ধরিয়ে দেওয়াই নয়, কোন অংশে উন্নতি করতে হবে সেটিও নির্দেশনা আকারে দেখানো হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট গুগল ট্রান্সলেটকে শুধু একটি অনুবাদ অ্যাপের সীমাবদ্ধতায় রাখছে না। বরং এটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভাষা শেখার প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো সঠিক উচ্চারণ আয়ত্ত করা। অনেক সময় শব্দের অর্থ জানা থাকলেও ভুল উচ্চারণের কারণে যোগাযোগে সমস্যা তৈরি হয়। নতুন এই ফিচার সেই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে আপাতত এই সুবিধা সীমিত পরিসরে চালু করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। এছাড়া প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যবহারকারীরা এটি পাচ্ছেন।
ভাষার ক্ষেত্রেও এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। শুরুতে ইংরেজি, হিন্দি এবং স্প্যানিশ—এই তিনটি ভাষায় উচ্চারণ অনুশীলনের সুবিধা মিলছে। তবে গুগল জানিয়েছে, ভবিষ্যতে আরও ভাষা ও অঞ্চল যুক্ত করা হবে।
প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই আইফোন ব্যবহারকারীরাও এই সুবিধা পেতে পারেন। পাশাপাশি ধাপে ধাপে অন্যান্য জনপ্রিয় ভাষাও এতে যুক্ত হবে।
২০০৬ সালের এপ্রিলে যাত্রা শুরু করেছিল গুগল ট্রান্সলেট। শুরুতে সীমিত কয়েকটি ভাষা সমর্থন করলেও বর্তমানে প্রায় ২৫০টি ভাষায় অনুবাদ সুবিধা দিচ্ছে প্ল্যাটফর্মটি। গুগলের তথ্য অনুযায়ী, প্রতি মাসে বিশ্বের প্রায় ১০০ কোটির বেশি মানুষ এই সেবা ব্যবহার করছেন।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তির অগ্রগতির ফলে ভাষা শেখার অ্যাপ ও টুলগুলোতে বড় পরিবর্তন এসেছে। শুধু অনুবাদ নয়, এখন উচ্চারণ, ব্যাকরণ সংশোধন এবং কথোপকথন অনুশীলনের মতো সুবিধাও যুক্ত হচ্ছে।
গুগলের নতুন এই প্রোনানসিয়েশন প্র্যাকটিস ফিচার ভাষা শেখাকে আরও সহজ ও ইন্টারঅ্যাকটিভ করে তুলবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। বিশেষ করে শিক্ষার্থী, ভ্রমণপ্রেমী এবং বিদেশে কাজের প্রস্তুতি নেওয়া মানুষের জন্য এটি বেশ কার্যকর হতে পারে।
সুত্রঃ যুুগান্তর
আরও পড়ুন-জিমেইল অ্যাপে একাধিক ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করার সহজ উপায়
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔






