জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্দিষ্ট সময় পর বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাব অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন করতে হবে। বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও এটি বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য হালনাগাদ রাখতে এ বিধান কার্যকর করার বিষয়টি পর্যালোচনা করছে কমিশন।
আরও পড়ুন-বিয়ে নিবন্ধনে বড় পরিবর্তন, বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘ ১৫ বছরে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন ঘটতে পারে। এছাড়া অস্ত্রোপচারসহ বিভিন্ন কারণে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে। এসব বিষয় বিবেচনায় নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনে উল্লেখ রয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত নিয়ম ও ফি পরিশোধ করে কমিশনের কাছে নবায়নের আবেদন করা যাবে।
বর্তমান বিধিমালা অনুযায়ী, এনআইডি নবায়নের আবেদন সরাসরি নির্বাচন কমিশনের কার্যালয় অথবা অনলাইনে করা যায়। আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় ফি জমা দিতে হয়। অনলাইন আবেদন করলে ফি পরিশোধের রসিদের স্ক্যান কপি জমা দিতে হয়।
নবায়নের ক্ষেত্রে দুটি ধরনের আবেদন করা যায়—সাধারণ ও জরুরি। সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে এবং জরুরি আবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হয়। বিধিমালা অনুযায়ী, সাধারণ আবেদন নিষ্পত্তি করতে সর্বোচ্চ ৩০ দিন এবং জরুরি আবেদন নিষ্পত্তি করতে সর্বোচ্চ ৭ দিন সময় লাগতে পারে।
বর্তমানে এনআইডি নবায়নের জন্য সাধারণ আবেদনে ১০০ টাকা এবং জরুরি আবেদনে ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, এনআইডি হারিয়ে গেলে বা প্রতিস্থাপনের আবেদন করলে আলাদা ফি দিতে হয়। প্রথমবার সাধারণ প্রতিস্থাপনে ২০০ টাকা এবং জরুরি প্রতিস্থাপনে ৩০০ টাকা ফি নির্ধারিত রয়েছে। পরবর্তী আবেদনগুলোতে ফি ধাপে ধাপে বৃদ্ধি পায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে প্রয়োজন হলে যে কোনো নাগরিক নিয়ম মেনে এনআইডি নবায়ন বা নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন।
এদিকে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেছেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনও পর্যালোচনাধীন। সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চূড়ান্ত অনুমোদন পেলে দেশের কোটি কোটি এনআইডি ব্যবহারকারীর জন্য ১৫ বছর পর পরিচয়পত্র নবায়ন একটি বাধ্যতামূলক প্রক্রিয়ায় পরিণত হবে।
সুত্রঃ The daily Ittefaq
আরও পড়ুন-ভোটার আইডি কার্ডে রক্তের গ্রুপ সংশোধনের নিয়ম
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔





