আমাদের Telegram চ্যানেলে যুক্ত হোন

প্রথম টেলিকম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন

November 6, 2026 8:07 AM
গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সঙ্গে অংশীদারত্বে ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে গ্রামীণফোন। প্রাথমিকভাবে ঢাকার গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের এক্সপেরিয়েন্স সেন্টারে এ সুবিধা পাওয়া যাবে।

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে নিজেদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে গ্রামীণফোন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু হওয়া এ সেবার মাধ্যমে গ্রাহকেরা ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কিংবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপ ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন। এতে বলা হয়, গ্রাহকেরা গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে থাকা বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে কেনাকাটার সময় নগদ টাকা বহন কিংবা ভাঙতি টাকার জন্য অপেক্ষা করার প্রয়োজন কমবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এ সেবা চালু করা হয়েছে। গুলশানের এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকেরা বিভিন্ন ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপ থেকে অর্থ পরিশোধ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা কিউআর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানে একটি একক মার্চেন্ট কোডের মাধ্যমেই পেমেন্ট করা সম্ভব। এতে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের পছন্দের সুযোগ বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ ভিশনের আওতায় সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা জোরদারের উদ্যোগের অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে। এর লক্ষ্য বিভিন্ন প্রতিষ্ঠানে কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করা এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি সংযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবন। দেশে আরও সমন্বিত ও দক্ষ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণফোনের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। আর্থিক সেবা সহজলভ্য করা এবং তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে অন্যান্য প্রতিষ্ঠানও এ ধরনের উদ্যোগে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, গ্রাহকসেবা আরও সহজ ও সুবিধাজনক করতেই প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এমটিবির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে গ্রাহকদের সহজে মূল্য পরিশোধের সুযোগ তৈরি হয়েছে। নগদ টাকা বা ভাঙতির অপেক্ষা না করে মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করেই পেমেন্ট করা যাবে।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গ্রামীণফোনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্ট সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এমটিবির পেমেন্ট-সংক্রান্ত অভিজ্ঞতা এবং গ্রামীণফোনের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের সমন্বয়ে দৈনন্দিন লেনদেন সহজ করার পাশাপাশি দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে এ উদ্যোগ।

গ্রামীণফোনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটায় এ ধরনের সেবা ভূমিকা রাখতে পারে। বিপুলসংখ্যক গ্রাহকের কাছে ডিজিটাল পেমেন্টের সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির প্রসার ঘটানোই এ উদ্যোগের লক্ষ্য।

সুত্রঃ Jago News24

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

Sobujar Alam

প্রযুক্তি, অনলাইন সেবা ও নাগরিক সুবিধাবিষয়ক তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে নিয়মিত কাজ করি। সরকারি ভাতা, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, মোবাইল ও ইন্টারনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজ ভাষায় সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। প্রযুক্তির নতুন আপডেট, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য তথ্য প্রকাশ করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। নিয়মিত গাইডধর্মী ও তথ্যসমৃদ্ধ কনটেন্টের মাধ্যমে সাধারণ মানুষের প্রযুক্তি ও নাগরিক সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now